০৪ অক্টোবর ২০২৬, ১১:২২

৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন   © সংগৃহীত

অবসরের তিন থেকে ছয় মাসের মধ্যে শিক্ষকদের পেনশনের সব টাকা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, চাকরিজীবনে বেতন থেকে কেটে রাখা অর্থ এবং অবসরকালীন কল্যাণ ও পেনশন বাবদ শিক্ষকদের পাওনা পরিশোধে ছয়-সাত বছর অপেক্ষা করানো উচিত নয়।

গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ) এ সভার আয়োজন করে।

আখতার হোসেন বলেন, ‘আমাদের শিক্ষকেরা যে পেনশনের টাকাটা পান, এটা তো তাঁরা পাবেন-এটা নিশ্চিত। কারণ তাঁরা চাকরি করেছেন এবং তাঁদের বেতন থেকে একটা অংশ কেটে রাখা হয়েছে।’

তিনি বলেন, অবসরের পর শিক্ষকদের পাওনা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাই অবসরের পর দ্রুত সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য অর্থ পরিশোধের ব্যবস্থা করা প্রয়োজন।

আখতার হোসেন বলেন, শিক্ষকেরা চাকরিজীবনে যে অর্থ জমা দিয়েছেন এবং অবসরকালীন কল্যাণ ও পেনশন হিসেবে যে অর্থ পাওয়ার কথা, তা পেতে তাঁদের ছয়-সাত বছর অপেক্ষা করতে হবে—এটি গ্রহণযোগ্য নয়। অবসরের তিন থেকে ছয় মাসের মধ্যে তাঁদের পেনশনের সব টাকা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।