বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কমিটি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিলে প্রকৃত ঘটনা উদঘাটনে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়াকে। সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান (নেছার রাঢ়ি), আবদুস সোবহান মিয়া এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলী আহমেদ চেয়ারম্যান।
মিছিলে কী ঘটেছিল তা উদঘাটন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই, সংশ্লিষ্টদের মতামত গ্রহণ এবং বিতর্কিত স্লোগানের কারণ নির্ধারণের নির্দেশ কমিটিকে দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বা নীতিমালার কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তকালীন সময়ে সংশ্লিষ্ট সবাইকে অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, ঘটনায় আজ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শিরোনামের ব্যানার নিয়ে গলাচিপা উপজেলার ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় আমখোলা বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের স্লোগান দিতে শোনা যায়, ‘এই লড়াইয়ে জিতবে কারা-শহীদ জিয়ার সৈনিকেরা।’ এরপর তাঁদের বলতে শোনা যায়, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’ পরে ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলেও স্লোগান দেওয়া হয়। যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
জানা গেছে, মিছিল ও সমাবেশে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ নেন।