২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৪

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ জন

নির্বাচন কমিশনের লোগো  © সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের স্বাক্ষরে বিধিসম্মত ফরম-৪ অনুযায়ী এ তালিকা প্রকাশ করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ছয়জনই মনোনয়নপত্র জমা দেন। বিএনপির দুই প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলাদাভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল্লাহ মাসুদ।

ঠাকুরগাঁও-১ আসনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন হিসেবে পরিচিত। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ২১ আগস্ট তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।