২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬

রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্ত থাকার প্রমাণ দিলেন স্থানীয় এমপি আরমান

সমিতির আবেদনপত্র ও এমপি মিষ্টি   © সংগৃহীত

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় থাকা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সঙ্গে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ হিসেবে একটি দাপ্তরিক নথি প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ওই নথি প্রকাশ করেন। সেখানে সমিতির পক্ষ থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে করা একটি আবেদনের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, ওই আবেদনে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সমিতির সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার স্বাক্ষরও রয়েছে।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান সমবায় সমিতির আবেদনপত্রের সঙ্গে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম ও পদবি সংযুক্ত করে লেখেন, 

‘প্রমাণসহ সত্য প্রকাশ:
সমিতির সাথে মিষ্টির সরাসরি সম্পর্কের প্রমাণ!
অনেকেই অস্বীকার করার চেষ্টা করলেও অফিসিয়াল নথিপত্র কখনও মিথ্যা বলে না। নিচে সংযুক্ত দাপ্তরিক চিঠিতে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ'-এর সকল কার্যক্রম ও আবেদনের মূল দায়িত্বে ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
নথির মূল তথ্যসমূহ:
সংগঠন: সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ৫৫/৯২ ইং)
প্রাপক: মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আবেদনকারী ও পদবি: ফেরদৌসী আহমেদ মিষ্টি (সভাপতি, সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ, মিরপুর, ঢাকা)
এই আবেদনপত্রের একদম নিচে সভাপতি হিসেবে ফেরদৌসী আহমেদ মিষ্টি-এর নাম ও স্বাক্ষর স্পষ্ট দেখা যাচ্ছে। যা প্রমাণ করে তিনি কেবল সাধারণ সদস্য ছিলেন না, বরং সমিতির সভাপতি পদে থেকে এটি পরিচালনা করেছেন। সত্য কখনো গোপন রাখা যায় না!’

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত বৃহস্পতিবার রাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে ওই স্থাপনা দখলের চেষ্টা চলছিল।