২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৫

মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী

‘মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এস এম জিলানী  © সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না; বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে ইমাম, মুয়াজ্জিন, প্রশাসন, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা ও পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত ‘মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, ‘বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।’

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে এস এম জিলানী বলেন, বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম-ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরূপ মন্তব্য করেননি। তিনি সব সময় আলেম-ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা বক্তব্য দেন।