২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৮

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার: নাহিদ

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম  © সংগৃহীত

গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে তারেক রহমানের সরকার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও এসব প্রার্থীর ক্ষেত্রে দীর্ঘ আট মাস ধরে ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির প্রক্রিয়া চলেছে। শেষ পর্যন্ত তাদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। তাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। এরপরও কোনো স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ না করে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাহিদ ইসলাম বলেন, মেধা, যোগ্যতা ও পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও যদি কোনো নাগরিককে অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা শুধু সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার নয়, বরং রাষ্ট্রের নিয়োগ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানাচ্ছি, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, এমন প্রত্যেক নিরপরাধ প্রার্থীর নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করতে হবে।’