২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১

৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর

৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর  © টিডিসি ছবি

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওয়ানা হয়েছেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তারা সৌদির উদ্দেশ্যে রওনা হন। পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের সসম্মানে দেশে ফেরার কথা রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বলেন, এলাকার রাজনৈতিক নেতাকর্মীগণ যেন পবিত্র ইসলাম ধর্মের সঠিক অনুশাসন ও বিধান মেনে নিজেদের পরিচালিত করেন, সেটিই এমপি মহোদয়ের আন্তরিক ইচ্ছা। সেই সদিচ্ছা থেকেই তিনি নিজ অর্থায়নে নেত্রকোনা-৪ আসনের এই তিন উপজেলার নেতাকর্মীদের জন্য ওমরাহর সুন্দর এই ব্যবস্থা করে দিয়েছেন। 
এর মধ্যে মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি নিজেও এই দলের সাথে রয়েছেন। তবে শারীরিক বা অন্যান্য ব্যস্ততার কারণে সংসদ সদস্য নিজে এই বহরের সাথে সফর করছেন না।

​এই পবিত্র সফরে মদন উপজেলা থেকে অংশগ্রহণকারী ১৭ নেতাকর্মী হলেন—উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক এবং সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।

​মোহনগঞ্জ উপজেলা থেকে ওমরাহ পালনকারী ১৮ জন হলেন—উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।

​খালিয়াজুরী উপজেলা থেকে সফরসঙ্গী হওয়া ১১ জন হলেন—উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়। এ ছাড়াও উক্ত কাফেলায় জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও সম্মানের সাথে স্থান পেয়েছেন।

লুৎফুজ্জামান বাবর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পবিত্র উমরাহ করতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করবেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। পাশাপাশি নিজের এবং বাবা, মা, ভাই-বোন ও স্বজনের জন্য দোয়া করবেন।