গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে লং মার্চ: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের এ লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। এটি সড়কপথে ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের কর্মসূচির অংশ।
শফিকুর রহমান বলেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’ একই সঙ্গে আন্দোলন সফল করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। কিন্তু বর্তমান সরকার কোনো অবস্থাতেই তা পারছে না। আমরা সংস্কার চাই, করতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, ‘আমরা অধিকার আদায়ের জন্য উত্তরজনপদে লং মার্চে যাচ্ছি। গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।’
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টালবাহানা বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের গণরায় না মেনে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সরকারের ব্যর্থতা কোটি কোটি মানুষকে জানাচ্ছি। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।’
খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, ‘১৮ কোটি মানুষের গণদাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন করতেই হবে।’
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি এখন নাই নাই-খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত ও লুটপাট বন্ধ করতে আমাদের লড়াই চলছে।’
সকাল ৮টায় শুরু হওয়া এ পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও নুরুল ইসলাম বুলবুল।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। পরে রংপুরের উদ্দেশে লং মার্চের বহর যাত্রা শুরু করে। তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে দলটির কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর কথা জানানো হয়েছে। এরপর বহরটি গাজীপুরের ভোগরা বাইপাস রোডের পথসভায় অংশ নেয়।