১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫০

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজভী

উপজেলা ও জেলা পর্যায়ের সমস্ত হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজভী  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও সংক্রমণ থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা ও জেলা পর্যায়ের সমস্ত হাসপাতালে মশারি সরবরাহ করা হবে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘোষণা দেন।

তিনি বলেন, আজকে দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা কিছুক্ষণ আগে শেষ হলো। তার সভাপতিত্বে সভা শুরু হয়েছে প্রায় সোয়া সাতটার দিকে। আজকের সভার বিশেষ দিক হচ্ছে নতুন যারা সদস্য হয়েছি, আমি, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ সাহেব এবং ডাক্তার ডোনার আমরা আজকে আমাদের জীবনের প্রথম জাতীয় স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণ করলাম। এই সভায় নানাবিধ বিষয় ছিল। গত মিটিংয়ের যেসব বিষয় অমীমাংসিত ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি আরও বলেন, আপনারা জানেন আজ সকালে প্রধানমন্ত্রী সারাদেশের জেলা ও উপজেলার সাথে যুক্ত ছিলেন। তিনি যেসব কার্যক্রম ও নির্দেশ দিয়েছেন, সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে এবং তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো উপজেলা ও জেলা পর্যায়ের সমস্ত হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ ও সংক্রমণ থেকে বাঁচাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং গার্লস গাইড, স্কাউট ও শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপি ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রস্তুত করা প্রচারপত্র ঢাকাসহ সারাদেশে বিতরণ করবে। পাশাপাশি সামাজিক গণমাধ্যম, রেডিও ও টিভিতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের বিষয়ে দলীয় পদক্ষেপ নেওয়া হবে।

রিজভী আরও বলেন, স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা যেন জমা না থাকে এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত আবর্জনা অপসারণের ব্যবস্থা গ্রহণ করে সেজন্য বিএনপি সচেতনতামূলক কাজ করবে এবং পর্যবেক্ষণ করবে। 

সভায় সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয়েছে।  বিভিন্ন কমিটিতে যেসব শূন্য পদ রয়েছে (মৃত্যু বা বহিষ্কারজনিত কারণে), দলের গঠনতন্ত্র অনুসারে তাদের ঠিক নিচের পদের নেতাদের পদোন্নতি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী ২৯শে অক্টোবর সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে উপ-নির্বাচন হবে। এই আসনে দলীয় মনোনয়ন পত্র বিক্রির শিডিউল ঘোষণা করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর। পল্টন কার্যালয় থেকে মনোনয়ন পত্র তোলা যাবে। ১৬ সেপ্টেম্বর জমা দেওয়া হবে এবং ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। তবে সাংগঠনিক শূন্য পদ পূরণের কথা হলেও জাতীয় কাউন্সিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।