০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৫

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  © টিডিসি ছবি

কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা দল। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েল ও সদস্য সচিব সাকিনা আলম লিজা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েলের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লাভলি, ঝালকাঠি পৌর মহিলা দলের সভাপতি রেবা রহমান, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার সুমি, রাজাপুর উপজেলা মহিলা দলের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভাপতি লিনা পারভিন, সাধারণ সম্পাদক কামরুন নাহার, নলছিটি উপজেলা মহিলা দলের সভাপতি নাজাম বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার কবিনা, নলছিটি পৌর মহিলা দলের সভাপতি হ্যাপি বেগম, সাধারণ সম্পাদক লাবনী আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। এবার সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।