০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষে আহতরা   © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে াজ সকালে দলিলপুর মাঠে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হন। আহতরা বর্তমানে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে দলিলপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।