আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতের ১ জন। এসব ঘটনায় আরএ অন্তত ৫৩৬ জন বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’ এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬ টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭০ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৫৩৬ জন। আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা জুলাই মাসের তুলনায় বেড়েছে। জুলাই মাসে ৪৫ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। আগস্ট মাসে সহিংসতার অন্তত ৭০টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ২০টি ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫২ জন ও নিহত ৫ জন।
প্রতিবেদনে বলা হয়, বিএনপি এবং জামায়াতের মধ্যে ১৮ টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ২৩৩ জন ও নিহত ১ জন। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ৭ টি সংঘর্ষে আহত ২৬ জন ও নিহত ১ জন। বিএনপি-এনসিপি মধ্যে ৬টি সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন, ১০ টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে ৩৮ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন দলের মধ্যে ৯ টি ঘটনায় আহত হয়েছেন ৭১ জন।
এতে আরও বলা হয়, এ সকল ঘটনার মধ্যে ক্যাম্পাস কেন্দ্রীক ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের অন্তত ১৩ টি ঘটনায় আহত হয়েছেন ২১৬ জন। এর মধ্যে ছাত্রদল-শিবির ৮ টি ঘটনায় ১৮১ জন এবং ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ৫টি ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন।