০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রাশেদ খাঁন

মুহাম্মদ রাশেদ খাঁন  © টিডিসি ফটো

বিএনপির তৃণমূলে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন (সচিব পদমর্যাদা)। তিনি বলেছেন, ‘দলের মধ্যে কোনো গ্রুপিং বা বিভেদ রাখা যাবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে ভুষণস্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুহাম্মদ রাশেদ খাঁন (সচিব পদমর্যাদা) বলেন, ‘গত সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ বিভেদ ও ভুল বোঝাবুঝির কারণে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্যয় ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সমন্বয় জরুরি।’

সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান বক্তব্য দেন।

আরও দেখুন: ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়

এ সময় বিভেদ ভুলে মূলধারার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার শপথ পাঠ করান প্রধান অতিথি মুহাম্মদ রাশেদ খাঁন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসরাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান, সামসুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।