৩০ আগস্ট ২০২৬, ০৮:০৮

আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

জামায়াতসহ ১১ দলের লোগো  © সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই কর্মসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার বিকেল ৩টায় বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।