সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বর্জন করায় সংসদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতির পদ হারাতে যাচ্ছে বিরোধী দল। এ জন্য বিরোধী দলের অনাগ্রহকে দায়ী করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংসদের তৃতীয় অধিবেশনেই কমিটি গঠনের কাজ শেষ হবে। আগের সংসদের রেওয়াজ মেনেই এবারও কমিটি গঠন করা হবে।
জুলাই সনদ অনুযায়ী, ১৪টি স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের সদস্যদের দায়িত্ব পাওয়ার কথা। তবে ত্রয়োদশ সংসদের শুরু থেকেই গণভোটের রায় ও সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ চলছে। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব করা হলেও তা গ্রহণে অস্বীকৃতি জানায় তারা।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের সদস্যদের স্থায়ী কমিটির সভাপতির পদ পেতে হলে সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে অংশ নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের জন্য ওই কমিটিতে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।
সংসদ সচিবালয়ের আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদের প্রথম তিন অধিবেশনের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। দুই অধিবেশন শেষে এখন পর্যন্ত ১৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি নয়টি এবং বিষয়ভিত্তিক কমিটি ছয়টি। বাকি ৩৫টি কমিটি এই অধিবেশনেই গঠন করতে হবে।
সংসদের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে ৩৯টি। আর বিষয়ভিত্তিক কমিটি রয়েছে ১১টি।
২০২৪ সালের ১৭ অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের ২৪ নম্বর সুপারিশে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদের বিষয়ে বলা হয়েছে, সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি পদে বিরোধী দলের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সংসদের আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে সদস্য নির্বাচন করা হবে।
এ বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদীয় কার্যক্রম রেওয়াজ অনুযায়ী চলে। অতীতে যে প্রক্রিয়ায় কমিটি গঠন হয়েছে, এবারও তা অনুসরণ করা হবে। তিনি বলেন, সনদ বাস্তবায়নে বিরোধী দল আন্তরিকতা দেখিয়ে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিলে সরকারি দলও সহযোগিতার হাত বাড়াতে পারে।