স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
প্রায় দুই বছর ধরে কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল চট্টগ্রাম মহানগর যুবদলের। অবশেষে সেই স্থবিরতা কাটল। নতুন কমিটি গঠন না করে আগের কমিটিকে পুনর্বহাল করার অনুমতি দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে বিলুপ্ত হওয়া চট্টগ্রাম মহানগর ও এর অধীনস্থ সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
এর চার মাসের মাথায় ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি স্থগিত করা হয়। এরপর থেকে প্রায় দুই বছর ধরে অভিভাবক ছাড়াই ছিল যুবদলের কমিটি।