২৫ আগস্ট ২০২৬, ১০:৩৩

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

দলের প্রধান ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতদিন ছায়া মন্ত্রিসভার কার্যক্রম অনেকটা আড়ালে রাখা হলেও শিগগির এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। 

গতকাল সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আমির ডা. শফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, এরই মধ্যে তাদের দল থেকে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। শিগগির আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাহী কমিটিতে যারা আছেন, তাদের সিদ্ধান্তে গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এটি প্রকাশ করা হবে।

কারা কারা এই মন্ত্রিসভায় রয়েছেন- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, দলের শীর্ষ নেতাদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংগঠনের অনেক সিনিয়র নেতা, যারা সংসদ সদস্য নন, তারাও এই কাঠামোর সঙ্গে যুক্ত আছেন। মূলত সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এটি গঠন করা হয়েছে।

তবে দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

জামায়াতের দাবি সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই মন্ত্রিসভা গঠন করেছে তারা। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন, গত মাসে গোপনে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট ও সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনায় কাজ করেছে ছায়া মন্ত্রিসভার সদস্যরা।

আগে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এই কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতাদের যুক্ত করা হয়েছে।

সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী রয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক একটি টিমও কাজ করবে। প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হবে বলে জানিয়ে জামায়াত।