স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশেদ খান
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি স্পষ্ট জানান, স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক প্রার্থী দেবে এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, বিগত জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ পেলেও স্থানীয় সরকার নির্বাচনে সেই সুযোগ দেওয়া হবে না। সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় নীতি ও সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
দেশজুড়ে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে দেশের জনগণ যে চরম কষ্টে আছেন, সরকার তা অনুধাবন করছে এবং দ্রুত এই সংকট উত্তরণে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ও তেলের সমস্যার পটভূমি ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের বিশ্ববাজারে প্রভাব পড়েছে, যার ফলে বাংলাদেশে মূল্য সমন্বয় করতে হয়েছে।
অন্যদিকে বিদ্যুতের বর্তমান সমস্যার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাসে এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেননি।
বক্তব্যে জামায়াতে ইসলামীকে উদ্দেশের করে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদকে পুনরায় ফিরিয়ে আনতে না চাইলে সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতার কাজে জামায়াতের সহযোগিতা করা উচিত। এছাড়া কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর মধ্যেই শরিয়াহ আইন বিদ্যমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ এবং শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।