২২ আগস্ট ২০২৬, ১৫:০৬

ফরিদপুরের বোয়ালমারীর সকল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

বিএনপির লোগো   © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির এই নির্দেশ কার্যকর থাকবে বলে দলীয় এক দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক দলীয় পত্রে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ স্থগিতাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তির অনুলিপি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাছিরুল ইসলাম নাছিরকেও দেওয়া হয়েছে।

​দলীয় সূত্র জানায়, সম্প্রতি বোয়ালমারী উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠিত হওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রূপাপাত ইউনিয়নসহ একাধিক স্থানে সম্মেলন ও কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার অপ্রীতিকর ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই জেলা শীর্ষ নেতৃত্ব জরুরি পদক্ষেপ হিসেবে একযোগে সকল ইউনিয়ন কমিটি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে।

​বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন বলেন, বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদ্য ঘোষিত কমিটিগুলো নিয়ে কিছু বিতর্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে আপাতত বোয়ালমারীর সকল ইউনিয়ন কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

​তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও তদন্ত সাপেক্ষে মাঠপর্যায়ের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পরবর্তীতে নতুন নির্দেশনা বা সিদ্ধান্ত প্রদান করা হবে।