২১ আগস্ট ২০২৬, ০৯:২১

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী  © সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো কর্মকাণ্ড করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠক করেন তারেক রহমান।

বিএনপির তৃণমূল সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে এ ধরনের সাংগঠনিক আলোচনা করছেন।