২০ আগস্ট ২০২৬, ১১:২০

মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট

মানসুরা আলম ও মির্জা ফখরুল   © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম আবেগঘন এক ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদায় জানিয়েছেন। 

বুধবার (১৯ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলের বক্তব্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং দলের নেতা-কর্মীদের পাশে তার ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে তাকে সম্মানিত করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

মানসুরা আলম লেখেন, বিসমিল্লাহ বলে যখন আপনি আর বক্তব্য আগাতে পারছিলেন না, আমাদের চোখের পানির ধারাও থামছিলোনা। আপনি প্রতি শব্দে থেমে যাচ্ছিলেন, আমাদের হৃদয়ের গভীরে সেই শব্দগুলো তরঙ্গ খেলছিলো। উছলে পড়ছিলো চোখের পানি হয়ে। জীবনে কখনো কি শব্দহীনতায় ভুগেছিলেন কোন মঞ্চে? না মনে হয়। আপনার মত অসীম বাগ্মি একজন মানুষ শব্দ হারিয়ে ফেলছিলেন। আমরাও কোন শব্দের পর শব্দের অপেক্ষা নয়, আপনাকেই দেখছিলাম নিরবে।

তিনি লিখেছেন, জীবনের কতগুলো দিন গেলো আপনাকে সামনে থেকে দেখে দেখে, তা আমাদের অজানা। পল্টনের সেই চওড়া রাস্তার মঞ্চে আপনি বসে, আমরা বসতাম আপনার মুখোমুখি নিচের পিচে। অপেক্ষা করতাম আপনার মুখ দিয়ে বের হওয়া আরো প্রতিজ্ঞ, আরো নতুনভাবে লড়াইয়ের বানীর জন্য। আমরা লড়াই করেছিলাম। আমাদের নির্বাসিত নেতা, আমাদে্র অসুস্থ নেত্রী- সবার ছায়া হয়ে আপনি আমাদের সামনে এসে দাঁড়াতেন। সেই আলোর ঝলক যেন আর কোনকিছুর সাথেই জীবনে মেলেনা। 

মানসুরা বলেন, মির্জা ফখরুল, এই শব্দগুলো লিখতেও আমার আজ কষ্ট হচ্ছিলো। আপনার জন্য সমস্ত কথাই যেন কম হয়ে যায়, আমরাও শব্দহীনতায় ভুগি। শুধু ভাবি, এই বিশাল জনমানুষ ছেড়ে নিরাপত্তার বেষ্টনিতে আপনিও আমাদের কতটা মনে করবেন! পল্টনের জনস্রোত আপনার স্মৃতিকে কতটা বেদনাবিধুর করবে!

পোস্টের শেষাংশে মির্জা ফখরুলের প্রতি শ্রদ্ধা ও নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন মানসুরা আলম। তিনি লেখেন, পরম করুনাময় আল্লাহ তায়ালার ইচ্ছায় আমাদের নেতা আপনাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে আপনাকে সম্মানিত করেছেন। এই জীবন কারো কারো আসে! কতটা মহৎ হলে আসে আমার তা জানা নেই। তবে আমার রাজনৈতিক লক্ষ্যে যেন আপনার মত দৃঢ় হয়, আমি যেন কখনো আপনার মতই আদর্শচ্যুত না হই, এই দোয়া করি আল্লাহর কাছে। জীবন ছোট বা বড়! কি যায় আসে! যে জীবন মানুষের, শুধু তারই বন্দনা থাকে।