১২ আগস্ট ২০২৬, ২০:১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিএনপি  © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত পেলে বিস্তারিত জানাতে পারব।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।