ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মিরপুর রোডের বলাকা সিনেমা হলের সামনে এ হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কেএম চঞ্চলের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিম’ নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তুলতে যান। বিষয়টি জানতে পেরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।
একপর্যায়ে খবর পেয়ে কেএম চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা, রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে জানা গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার বলেন, ‘আমরা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলছে। আমরা প্রতিবাদ জানালে তারা প্রথমে গালাগাল করে। এর কিছুক্ষণ পরই চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি বাহিনী আমাদের ওপর হামলা চালায়।’
হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এর প্রতিবাদে ক্যাম্পাসের সামনের সড়কে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মারামারির ঘটনাটি আমরা শুনেছি, তবে কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’