১১ আগস্ট ২০২৬, ১৬:৫৫

‘রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল’

চিফ হুইপ নূরুল ইসলাম  © সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

চিফ হুইপ স্পষ্ট করে বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ বর্তমানে পুরোপুরি কার্যকর রয়েছে। ফলে কেউ যদি নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মতামত প্রদান করেন বা ভোট দেন, তবে আইন অনুযায়ী তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যাবে।’

এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আলাদা এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যান্য সাধারণ ও স্থানীয় সরকার নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেওয়ার বিধান থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন। 

চিফ হুইপ জানান, সদস্যরা তাদের নির্দিষ্ট ‘বিভক্তি সংখ্যা’ অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকারের ভোটদানের দৃশ্যসহ সম্পূর্ণ ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।