০৭ আগস্ট ২০২৬, ২২:২০

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—প্রশ্ন রাশেদ খাঁনের

কথা বলছেন রাশেদ খাঁন  © প্রতিনিধি

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছেন কিনা এবং ভারতে সম্প্রতি প্রচারিত তাঁর অডিও বক্তব্যটি আদৌ নিজের কিনা—এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের গেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা কি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, এটা আমরা জানি না। সম্প্রতি ভারতে একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচার করা হয়েছে। সেটি সত্যিই তাঁর বক্তব্য কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে—তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা জীবিত থাকলে তাকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে হবে। আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই অভ্যুত্থান দিবসের জাতীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বিরোধী দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। সচিবালয় ঘেরাওয়ের নামে মব সৃষ্টিরও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ রাজনৈতিক দল হওয়ায় তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে জামায়াত ও এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তাদের কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটি উল্টো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করতে পারে।

কালীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তারা। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি বা কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সেদিকে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএনএম জোবায়ের, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আবু তালিবও উপস্থিত ছিলেন।