ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললেন সারজিস
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায় এক চোখ হারানো জাতীয় ছাত্রশক্তির কর্মী আলিফ চৌধুরী বর্তমানে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার (৭ আগস্ট) তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি মো. নুরুল হক নুর। ভিডিও কলে তিনি আলিফের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।
পরে ভিডিও কলের রেকর্ডটি ফেসবুকে শেয়ার দিয়ে প্রতিমন্ত্রী নুর আলিফের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।
তবে ভিডিও কলে খোঁজ নেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নুরের স্ট্যাটাসের কমেন্টে তিনি লেখেন, ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন ভাই। আপনার (চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে) যেতে ৩০ মিনিটও লাগবে না।
ভিডিও কলে নুর
তিনি আরও লেখেন, ছাত্রদলের যে সন্ত্রাসীরা তার চোখ শেষ করে দিল তাদের একজনকেও এখনো গ্রেফতার করা হয়নি। তাই কোনো সান্ত্বনাসূচক ফর্মালিটি নয়, সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করে কথার সাথে কাজের মিল দেখান।
জানা গেছে, আগারগাঁওয়ের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আলিফের অপারেশনের পর চিকিৎসকরা জানান, আলিফের বাম চোখে আর দৃষ্টি ফেরার সম্ভাবনা নেই।
চিকিৎসকরা জানান, আক্রান্ত চোখের রেটিনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ গঠন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি স্ক্যানেও চোখের ভেতরে রক্ত জমাটবাঁধার প্রমাণ মিলেছে। ফলে অস্ত্রোপচারের মাধ্যমে চোখের গঠন আংশিকভাবে পুনর্গঠন করা গেলেও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। একটি চোখের সব গুরুত্বপূর্ণ গঠন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে খুব বেশি কিছু করার থাকে না।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডিউটি চিকিৎসক ডা. সামিয়া নুজহাত জানিয়েছেন, ইট বা পাথরের আঘাতে আলিফের বাম চোখের আইবল ও আইলিড ফেটে গেছে। চোখের ভেতরের গুরুত্বপূর্ণ অংশ বাইরে বেরিয়ে এসেছে।