সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় এ ঘটনা ঘটে।
নওফেলের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর পরপরই বাড়িতে আগুন ধরে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা চলে যায়।
এর আগে, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে নওফেল অংশ নেন। তারই প্রতিক্রিয়া হিসেবে নওফেলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।