০৬ আগস্ট ২০২৬, ২০:১৮

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দিল ১১ দলীয় ঐক্যজোট  © টিডিসি ছবি

গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।
 
বুধবার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ মহানগর ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলমসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
 
এর আগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গ্যাস ও বিদ্যুৎ খাতে চলমান সংকট, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।