০৫ আগস্ট ২০২৬, ১৯:১৪

যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশও উদ্ধার

যমুনা থেকে অপর ছাত্রের লাশ উদ্ধার   © সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মধ্যে অপরজনের লাশও উদ্ধার করেছে নৌ পুলিশ। এর মধ্য দিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহই উদ্ধার করা হলো।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছিল।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।'

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে। প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও তাদের খুঁজে পাননি।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। তবে আলো কমে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

এরপরও স্থানীয়রা ডিঙি নৌকা নিয়ে নদীতে খোঁজ চালিয়ে যান। বুধবার বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ স্পিডবোটে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।