ইতিহাস লেখার জন্য ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা
ইতিহাস লেখার জন্য অত বেশি ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে আব্দুল কাদের অভিযোগ করেন, বর্তমানে রাষ্ট্রীয়ভাবে ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বাস্তব ভূমিকার চেয়ে রাজনৈতিক ক্ষমতাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়ে সফল করতে ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো স্বীকৃতি বা সম্পৃক্ততা ছিল না।
তিনি লেখেন, অভ্যুত্থানের দিন সংসদ ভবনের দায়িত্ব পালন শেষে রাতে মেসে ফিরে বিশ্রাম নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংবাদ সম্মেলন, সরকার গঠনসহ বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারেন। অভ্যুত্থান শেষ করা পর্যন্তই আমাদের দায়িত্ব ছিল। এরপর অন্যরা দায়িত্ব নিয়েছে, আমাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে।
স্ট্যাটাসে কাদের বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি কিংবা তাদের মতামতও নেওয়া হয়নি। তবে ব্যক্তিগত স্বীকৃতি না পাওয়ার চেয়ে রাজপথের ছাত্র-জনতা, আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের যথাযথ সম্মান না পাওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং সেই পথে হামলা-মামলা, জেল-জুলুম ও মৃত্যুভয়কেও উপেক্ষা করেছেন।
চলমান ক্রেডিট বা কৃতিত্ব নেওয়ার রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, কে ইতিহাস লিখছে বা কৃতিত্ব নিচ্ছে, তা নিয়ে তার আগ্রহ নেই। বরং তিনি ও তার সহযাত্রীরা পরিস্থিতি নীরবে পর্যবেক্ষণ করছেন।