এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যহতি পাওয়া নেতা যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে পোস্টের ঘটনায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সেল জানিয়েছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে বগুড়ার বিএনপি নেতার করা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে কিছুক্ষণের মধ্যে বগুড়ার আদাতে তোলা হবে বলে জানা গেছে। আজ বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বগুড়ার ডিবি পুলিশ।
তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করেন।’
তিনি বলেন, ‘সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই, এ ধরনের লেখা আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আর এই ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন।’
অন্য খবর: শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এ বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়। তারপরও বগুড়া জেলা বিএনপির নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি।
সারজিস আলম বলেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নেই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করল, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং পুলিশ তাদের ক্ষমতা দেখালো!’
তিনি আরও বলেন, ‘বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নেই, যেটা বলেনি কিংবা লেখেনি! যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিল, তাদের একজনকেও এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি!’