০৪ আগস্ট ২০২৬, ২০:৪৩

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা নয়ন

ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সঙ্গে তর্কে জড়ান যুবদল নেতা নয়ন  © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর পুরান ঢাকা এলাকায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় অবস্থানসহ দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়ান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

এ সময় তিনি ওই কর্মকর্তাকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওরা গুলি করছে, আপনারা নীরব কেন? ছাত্রদলের ছেলেরা বলছে, আপনারা তাদের প্রটেকশন দিচ্ছেন। আপনারা সবাই সামনে যান।’ এ ছাড়া আরেক ভিডিওতে তিনি বলেন, ‘আজকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, এভাবে প্রতি মুহুর্ত, প্রতিদিন ও প্রতি মিনিটে তাদের প্রতিহত করা হবে।’

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পড়ে ও হাতে প্লাষ্টিকের পাইপ হাতে নিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। পুলিশ কর্মকর্তা যুবদল নেতাকে শান্ত করতে চাইলেও তিনি উচ্চবাচ্য করছেন।’

জানা গেছে, আজ বেলা ১১টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও। এদিন পুরান ঢাকার ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় বিকেলের দিকে অবস্থান নেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

এদিকে জবিতে ছাত্রদলের হামলায় শিবির, ছাত্রশক্তি, বাম সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়াও ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতিকালে শিবির-ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

পরে এদিন ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অধ্যক্ষসহ মোট ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।