০১ আগস্ট ২০২৬, ১০:১১

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ

বিএনপির লোগো  © সংগৃহীত

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 

জানা গেছে, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সরকারের কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

দলীয় সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের পর এটিই দলের শীর্ষ নীতিনির্ধারণী ফোরামের প্রথম বৈঠক। এ কারণে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী এবং এ বিষয়ে দলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। যদিও গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে, এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

গতকাল শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা তাদের জানানো হয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে তারা ধারণা করছেন।

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে। সে অনুযায়ী, বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় হতে পারে।

জানা গেছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্থায়ী কমিটি একটি নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, উপযুক্ত সময়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ন্যস্ত করার প্রস্তাবও আসতে পারে।