৩১ জুলাই ২০২৬, ১৬:৪৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে: রাশেদ খান

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান  © টিডিসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি পালন করলে বিএনপি সহযোগিতা করবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান, বিএনপি আপনাদের সহযোগিতা করবে। বিরোধী দলের রাজনীতি করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে উসকানিমূলক বক্তব্য দিলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হবেন, সেটাই স্বাভাবিক।

এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির নেতারা, বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন জেলার কৃতী সন্তান আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি শুধু নিজের নির্বাচনি এলাকার নয়, জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সহনশীল, আন্তরিক ও বিনয়ী নেতা। বিরোধী রাজনৈতিক দলগুলোর উচিত তাঁর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।

এ সময় এনসিপির প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, দেশের যেখানেই কর্মসূচি করুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে করুন। বিএনপির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।