৩০ জুলাই ২০২৬, ০২:১৮

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— ‘আমাদের নেতাকর্মীদের দেওয়া তালিকা বিবেচনায় নিবেন’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য মমতাজ আলো  © টিডিসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ এর সংসদ সদস্য ও গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের দায়িত্বপ্রাপ্ত মমতাজ আলো ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়িয়েছে ও কুৎসা রটিয়েছে, তারা যেন এই সুবিধা না পায়। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ যেন অবশ্যই এই সুবিধা পায় এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রকৃত দাবিদারদের তালিকা নিশ্চিত করতে হবে।

বুধবার (২৯ জুলাই ) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সতেরো বছর আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেননি। তারা মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের পরিবারও রেহাই পায়নি। তাদের বাক্‌স্বাধীনতা ছিল না। বর্তমান সরকার দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী তাদের কাজের সুযোগ করে দিতে হবে। কারণ অনেকেই এখনও বেকার, হতাশাগ্রস্ত এবং মূল্যায়িত হননি।

তিনি আরও বলেন, আমরা বিগত সরকারের মতো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। তাদের আন্দোলনের ফলেই আজ আপনারা এখানে দায়িত্ব পালন করতে পারছেন। 

মমতাজ আলো বলেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে এত ঘৃণা ছড়িয়েছে, কুৎসা রটিয়েছে, তারা যেন এই সুবিধা না পায়। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ যেন অবশ্যই এই সুবিধা পায়। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে প্রকৃত দাবিদারদের তালিকা নিশ্চিত করতে হবে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেবেন। যাদের যোগ্যতা নেই, তাদের নেওয়ার কথা বলছি না। যাদের যোগ্যতা আছে, তাদের সুযোগ দিলে তারা অনুভব করবে, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের কিছুটা হলেও মূল্যায়ন হয়েছে। 

ডিপ টিউবওয়েলের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, উপজেলায় যে বরাদ্দ এসেছে, সেখানে আমাদের নেতাকর্মীরা যে তালিকা দেবেন, তা বিবেচনায় নেওয়ার চিন্তা করবেন। অতীতে যেভাবে স্বৈরাচার সরকার সুবিধা নিয়েছে, এখন যেন তেমনটি না হয়, সে বিষয়ে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মমতাজ আলো বলেন, আমি খুব সহজ মানুষ। ভালো মানুষের জন্য আমি অনেক ভালো, আর খারাপ মানুষের জন্য অনেক কঠিন। যে-ই অন্যায় ও দুর্নীতি করবে, সে আমার দলের হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের কোনো কর্মকর্তা অন্যায় বা বৈষম্য করলে তারও শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের সঙ্গে নিয়ে গাইবান্ধার উন্নয়নে কাজ করব।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী প্রমুখ।