প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার চালুর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করা হবে: ববি হাজ্জাজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও কার্যকর ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিটি বিদ্যালয়ে প্যারেন্ট সার্কেল এবং বন্ধু রেজিস্টার চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ পিটিআইয়ে স্কুল ফিডিং প্রকল্প আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রতিটি শ্রেণির শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি প্যারেন্ট সার্কেল গঠন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি, অগ্রগতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। এতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠবে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও শক্তিশালী হবে।’
বন্ধু রেজিস্টারের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি, সমাজের দানশীল ব্যক্তি এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি বন্ধু রেজিস্টার তৈরি করতে হবে। এই নেটওয়ার্ক বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা করবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘যে বিদ্যালয় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পারবে, সেই বিদ্যালয়ই সবচেয়ে সফল হবে। কমিউনিটি বিদ্যালয়ের পাশে থাকলে বিদ্যালয়ের সম্পদ দখল, নিম্নমানের খাদ্য সরবরাহ কিংবা বিদ্যালয়কে ঘিরে অপপ্রচার চালানোর সুযোগ অনেকটাই কমে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক, মানবিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষা প্রশাসন, অভিভাবক এবং স্থানীয় জনগণকে একটি অভিন্ন দলের সদস্য হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আরও দেখুন : জুলাই শহীদ চানকে হারিয়ে আর্থিক অনটনে পরিবার
তিনি জানান, সরকার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক সংকট নিরসন, পিটিআইয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় ফিডিং কর্মসূচির মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম সফল করতে শিক্ষক ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সুনামগঞ্জের পুলিশ সুপার, স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক, জেলার প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।