২৬ জুলাই ২০২৬, ১৬:৫৯

জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা ট্যাগিং ফ্রেমিং থেকে বেরিয়ে আসতে পারিনি: মাহমুদা মিতু

ডা. মাহমুদা মিতু কথা বলছেন  © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারিনি। জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা হলো যেকোনো মূল্যে এই ট্যাগিংয়ের নোংরা সংস্কৃতি থেকে বেরিয়ে আসা।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা ছাত্রশক্তির আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই’– শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু আরও বলেন, আমরা বৈষম্যহীন যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে যদি এখনো রাজনৈতিক লেভেল লাগিয়ে মানুষকে অপদস্থ করার চর্চা চলতে থাকে, তবে সেই পরিবর্তন অর্থহীন হয়ে পড়ে। আজ সমাজে এক ধরনের নোংরা ও বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। আর এই প্রতিহিংসাপরায়ণ পরিবেশ যারা তৈরি করছে—তাদের পরিণতি কিন্তু আমরা নয়, পোহাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সাধারণ ছেলে-মেয়েদের।

তিনি বলেন, আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলাম, সেখানে আমার কিছু ছোট বোনকে দেখে ভালোবেসে কাছে ডাকতে চাইছিলাম। কিন্তু থেমে গেলাম, শেষ পর্যন্ত আর ডাকতে পারলাম না। আমার কেবলই মনে হলো—আমি তো রাজনীতির সাথে যুক্ত, আর এই রাজনীতির ট্যাগিং ও ফ্রেমিংয়ের কারণে আমার সাথে কথা বলার অপরাধে ওই নিষ্পাপ মেয়েটি আবার কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক হেনস্তার শিকার হয় কিনা! রাজনীতির এই অদৃশ্য ভয় আমাদের মাঝে এখনো আছে। এই সংস্কৃতি থেকে বাংলাদেশ এখনো বেরিয়ে আসতে পারেনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির নেতৃবৃন্দ।