ঝিনাইদহে এনসিপির জুলাই পদযাত্রা কাল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে রবিবার (২৬ জুলাই) ঝিনাইদহে অনুষ্ঠিত হবে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা, সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিনব্যাপী নানা কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে শহীদ রকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর দুপুর ২টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা’।
বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত পথসভা ও সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলের কেন্দ্রীয় সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
এ বিষয়ে তারেক রেজা বলেন, কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফলে পদযাত্রা ও সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তারা আশা করছেন।