২৪ জুলাই ২০২৬, ২০:০৬

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  © টিডিসি ছবি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমানে মানুষ সরকারকে সহযোগিতা করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সরকারের কাছে জবাবদিহিতা প্রত্যাশা করবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পাঁচ মাস হয়েছে আমরা (বিএনপি) এসেছি। যখন এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে। এখন সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করে না। তারা কাজ শুরু করার সুযোগ দিতে সহযোগিতা করছেন। কিন্তু সময় যেতে বেশি লাগে না।’

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়নের পথে যেসব বাধা ছিল, সেগুলো দূর করে দৃশ্যমান অগ্রগতি আনাই সরকারের লক্ষ্য।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘অনেকে বলতে পারেন এটি দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। পরিকল্পনা ও স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু বাস্তবায়নটাই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়ে সেই বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।