২২ জুলাই ২০২৬, ০৮:৪৮

রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার থেকে বিএনপি সরে গেছে: আখতার

পথসভায় বক্তব্য রাখছেন আখতার হোসেন এমপি  © টিডিসি ছবি

নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় রাষ্ট্র সংস্কার, সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে বিএনপি সরকারের বিভিন্ন নীতি ও সংস্কার বাস্তবায়ন নিয়েও সমালোচনা করেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতার হোসেন, মুখ্য সংগঠক মো. সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক মো. নাসির উদ্দিন পাটোয়ারী।

পথসভায় আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই জনমতের যথাযথ প্রতিফলন ঘটাতে পারেনি। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার নিয়ে পূর্বঘোষিত বিভিন্ন অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছে।

তিনি বলেন, দেশের মানুষ শুধু স্বৈরশাসনের অবসান নয়, বরং জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল। ভোটাধিকার, প্রশাসনের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থীরা অংশ নেবেন বলেও ঘোষণা দেন।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, সরকারি বিভিন্ন দপ্তরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রভাবের কারণে কর্মকর্তা-কর্মচারীরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি দাবি করেন, টেন্ডার কার্যক্রমকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বেড়েছে এবং কিছু সরকারি কর্মকর্তা দলীয় পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, দেশের জনগণের একটি বড় অংশ গণভোট, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের পক্ষে মত দিলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। উন্নয়ন বাজেট বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে তিনি সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আরও পেশাদার করার আহ্বান জানান।

মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা উপেক্ষিত হচ্ছে। তার দাবি, দেশের অধিকাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকলেও একটি গোষ্ঠী পুরোনো রাজনৈতিক ধারা ধরে রাখতে চায়।

বক্তব্যে তিনি জলঢাকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি সুবিধা বণ্টনে দুর্নীতির অভিযোগ করেন। পাশাপাশি সীমান্ত, কূটনীতি ও জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়েও বক্তব্য দেন।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিয়নসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।