এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়েছে জানেন না নিবন্ধনকারী কাজী
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার আলোচনায় এসেছে কাবিননামা। ভাইরাল হওয়া কাবিননামা নিবন্ধনকারী কাজী দাবি করেছেন, বিয়ে কোথায় হয়েছে তা তিনি জানেন না। ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই কাবিননামা প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন তিনি।
ভাইরাল কাবিননামার তথ্য অনুযায়ী, শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বি এ এম বাকী বিল্লাহ বলেন, তাঁকে গত সোমবার রাতে ফোন করে জানানো হয় যে ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে এবং কাবিন নিবন্ধন করতে হবে।
কাজী বাকী বিল্লাহ বলেন, ‘আমাকে সোমবার রাতে ফোনে সংসদ সদস্য ও মেয়েটির বিয়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিয়ের নিবন্ধন ১৭ তারিখ দেখানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কনের বাবা সরাসরি আমার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন এবং কনে ও অভিভাবক মঙ্গলবার সকালে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। বিয়ের তারিখ ১৭ তারিখ নির্ধারণ করে দিতে আমাকে ফোনে জানানো হয়েছিল। মঙ্গলবার সংশ্লিষ্টরা স্বাক্ষর করেন।’
কাবিননামায় কনের জন্মতারিখসহ বিভিন্ন তথ্যের বিষয়ে প্রশ্ন করা হলে কাজী দাবি করেন, ‘প্রয়োজনীয় তথ্য আমাকে ফোনে জানানো হয়েছিল। জন্ম তারিখও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী লিখেছি। কনের বয়স ১৮ বছর ৩ মাস ছিল।’