বিএনপি ক্ষমতায় থাকলে মেধার ভিত্তিতেই চাকরি হবে: এমপি আবু সাইদ চাঁদ
বিএনপি সরকার ক্ষমতায় থাকলে চাকরির জন্য কাউকে অর্থ ব্যয় করতে হবে না, বরং মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না। এটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল এবং তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাইদ চাঁদ বলেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে মাত্র তিনটি আসন পেয়েছিল। অন্যদিকে বিএনপি জনগণের অধিকার ও কল্যাণের প্রশ্নে আন্দোলন-সংগ্রাম করে আজও টিকে রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি কলেজে একটি ছাত্রাবাস নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল হানিফ। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থী মুরসালিন ইসলাম মিশন ও মেহেদী হাসান বক্তব্য দেন। পরে এমপি আবু সাইদ চাঁদের রাজনৈতিক ও কর্মজীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।