বিএনপির এমপি ফখরুদ্দিন বাচ্চুকে শোকজ
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৮ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর।
সূত্র জানায়, স্থানীয় ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরদিন ২ সেপ্টেম্বর দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫-২০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।