১৮ জুলাই ২০২৬, ১২:৪৫

শেখ হাসিনার দেশে ফেরা : ‘ঘোষণা’ কম, ‘জল মাপা’ই বেশি?

শেখ হাসিনা  © সংগৃহীত

প্রায় দু’বছর ধরে ভারতের মাটিতে থাকা শেখ হাসিনা নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান, তার এই বক্তব্য সামনে আসার পর বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু ভারতে পর্যবেক্ষকরা এই বক্তব্যকে যত না একটি ‘দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা’ বলে মনে করছেন – তার চেয়ে বেশি ‘জল মাপার চেষ্টা’ হিসেবেই দেখছেন।

আনুষ্ঠানিকভাবে অন্তত শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত কয়েকদিনের মধ্যে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে যা বলেছেন, তার মর্মার্থ - ভারত শেখ হাসিনাকে নিজে থেকে ডেকে এনে আশ্রয়ও দেয়নি, আবার এখন তাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না।

সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘এখন পরিস্থিতি যাচাই করে তিনি যদি দেশে ফিরতে চান, ফিরবেন। আর যদি মনে করেন ভারতেই এখন থাকবেন, তাহলে তাই। সত্যিই এ ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই’।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত সপ্তাহেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি আগামী ডিসেম্বরে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

তিনি আরও বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি ফাঁসিও দেওয়া হতে পারে, এটা জেনেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ‘তবু আমাকে ফিরতেই হবে।’

শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে গত কয়েকদিনে বিবিসি বাংলা দিল্লিতে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা, বিশ্লেষক ও সাবেক কূটনীতিকের সঙ্গে যেমন কথা বলেছে, তেমনি যোগাযোগ করেছে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকের সঙ্গেই।

সেই সব আলোচনা থেকে প্রধানত দুটো জিনিস উঠে এসেছে, যা নিয়ে মোটামুটি সব পক্ষই একমত।