১৪ জুলাই ২০২৬, ২০:০৬

আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন: শিক্ষামন্ত্রীকে সারজিস

সারজিস আলম  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীদের কাছে গিয়ে আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়ার সাতমাথায় এনসিপির জুলাই পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আমাদের এই সহযোদ্ধাদেরকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ যেমন বয়লার মুরগি—এরকম অনেক কিছু বলে তাদেরকে ছোট করতে পারেন। কারণ আপনি তো তাদেরকে চেনেন না। কারণ তারা যখন রাজপথে ছিল, আপনি তো ছিলেন না। কারণ তারা যখন রক্ত দিয়েছেন, আপনি তো দেন নাই। কারণ তারা যখন জীবন দিয়েছে আপনি তো দেন নাই। এজন্য আপনি তাদেরকে চিনতে পারছেন না। 

‘‘মাননীয় শিক্ষামন্ত্রী আজকে সেই ১৪ জুলাই। যেই ১৪ জুলাই ঠিক এমন সময়ে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যারা যৌক্তিক গোটা সংস্কারের দাবি নিয়ে রাজপথে নেমেছিল তাদেরকে শেখ হাসিনা টিটকারি করে খোঁটা দিয়ে এইভাবে বলেছিল যে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ওটা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু যখন রাজাকার বলে সারা বাংলাদেশের মুক্তি ছাত্রজনতাকে আবার ওই তার ট্যাগিং খেলার মধ্যে ফেলে। যখন তাদেরকে কর্নার করার চেষ্টা করা হয়। তখন সারা বাংলাদেশের ছাত্রজনতা সেই দায় নিজের উপরে নিজে চাপিয়ে নিয়ে বলেছিল তুমি কে? আমি কে রাজাকার রাজাকার? কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।’’

তিনি বলেন, আজ হচ্ছে সেই ১৪ জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই। আপনি যদি না পারেন আপনার দুর্বলতা তুলে ধরেন, শিক্ষার্থীদের কাছে যান। আপনার সমস্যার কথা বলেন। কিন্তু তাদেরকে ছোট করে কথা বলবেন, বাংলাদেশের কোন ছাত্র জনতা, মুক্তিকামী জনতা এবং পরিবর্তনকারী কোন রাজনৈতিক দল এটা কোনোদিন সমর্থন করতে পারে না।

‘‘আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইবেন। প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা কাজের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নিবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে দুই চার দিন পরীক্ষা পেছানো কোনোদিন বড় হইতে পারে না।’’