এবার এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে জনদুর্ভোগ কমাতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতি আহবান জানিয়ে রিজভী বলেন, ‘পরীক্ষা কয়েকটা দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হতো। পরীক্ষা দিতে গিয়ে, কলেজে যেতে গিয়ে শিক্ষার্থীরা পানিতে পড়ে গেছেন। এটি ভয়ংকর রকমের জনদুর্ভোগ।
তিনি আরও বলেন একটি কিশোর ছেলে বন্যার কারণে পরীক্ষা দিতে যেতে পারছে না; দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে সেটি হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনগণের প্রত্যাশার প্রতি একাত্মতা ঘোষণা করে অতিদ্রুত পরীক্ষা কয়েকদিনের জন্য পিছিয়ে দিনি। পানি কমুক, এর পর আবার পরীক্ষা নেওয়া যাবে।’
এদিকে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে ধীরে ধীরে চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের দাবি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেককে প্রতিকূল পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। এ অবস্থায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।