১৪ জুলাই ২০২৬, ০৯:১২

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  © সংগৃহীত

দেশের সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় সংসদ ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও সংশোধনী প্রক্রিয়ায় কাজ করবে। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের জন্য বিরোধী দলকে সদস্য মনোনয়নের আহ্বান জানানো হলেও তারা কোনো নাম দেয়নি।

চিফ হুইপ নূরুল ইসলাম সংসদ নেতা তারেক রহমানের পক্ষে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটির সদস্য হওয়ার কথা ছিল ১৭ জনের। পাঁচজনের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ করা হলেও তারা কারও নাম দেয়নি। তাই ১২ জন সদস্য নিয়েই এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।

কমিটি গঠনের প্রতিবাদেই গতকাল সংসদ থেকে জামায়াত জোট ওয়াকআউট করেন।