১৩ জুলাই ২০২৬, ১৪:৫৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রুবেল হোসেন  © সংগৃহীত

পূর্ব শত্রুতার জেরে যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে রুবেল হোসেন (৩৮) নামে একজন যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই রাজিব হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১১টা ৫০ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিসমত আরা জানান, রুবেল হোসেনকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করছি অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও নেপথ্যের ঘটনা উদঘাটনে তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।