১০ জুলাই ২০২৬, ১১:২৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান  © টিডিসি ফটো

উত্তরাঞ্চলের বন্যা মোকাবিলায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং দেশবাসী এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরোধী দল হিসেবে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনগণের পক্ষে দাবি আদায় করা আমাদের দায়িত্ব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ লাঘবের দাবি আমরা জানিয়েছি।’

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সামান্য বৃষ্টিতেই বন্দর নগরীর মানুষ চরম দুর্ভোগে পড়েন। প্রতিবছর জলাবদ্ধতায় শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের প্রাণহানি ঘটে। জনগণের এসব সমস্যার টেকসই সমাধান করা সরকারের দায়িত্ব।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ সকালে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দর থেকে নেমেই তিনি সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সেখানে পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

আরও পড়ুন: দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: জামায়াত আমির

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন। তিনি পর্যায়ক্রমে সাতকানিয়া, লোহাগাড়া এবং চট্টগ্রাম নগরীর বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ ও দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার কথা জানিয়েছেন।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।