দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: জামায়াত আমির
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। এই দুর্যোগে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে এসেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল আটটায় আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান তিনি। এরপরই সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শনে যান। সেখানে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে কথা বলেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে, মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ।
বন্যাদুর্গতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই কঠিন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।’
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন। দুর্যোগ মোকাবিলায় দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা আজ বাঁশখালীর পাশাপাশি সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন এবং সেখানকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, টানা কয়েকদিনের অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঘটনায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। অসংখ্য পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অথবা পানিবন্দি অবস্থায় চরম কষ্টে দিন কাটাচ্ছে।